রমনা রেজিমেন্টের উদ্যোগে বিএনসিসি ক্যাডেটদের ব্যান্ড প্রশিক্ষণ শুরু

রমনা রেজিমেন্টের উদ্যোগে বিএনসিসি ক্যাডেটদের ব্যান্ড প্রশিক্ষণ শুরু

বিস্তারিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের উদ্যোগে ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যান্ড বাদ্যযন্ত্রে পারদর্শী করে তুলতে ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রাজধানীর সরকারি বাঙলা কলেজে আয়োজিত এ প্রশিক্ষণে রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর মুহাম্মদ আব্দুস সালাম।

অনুষ্ঠানে মেজর মুহাম্মদ আব্দুস সালাম বলেন, নেতৃত্ব ও শৃঙ্খলার পাশাপাশি ক্যাডেটদের সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে তোলাই বিএনসিসির অন্যতম লক্ষ্য। এই ব্যান্ড প্রশিক্ষণ ক্যাডেটদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের বিভিন্ন প্যারেড ও আনুষ্ঠানিকতায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সরকারি বাঙলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৪ দিনব্যাপী এ নিবিড় প্রশিক্ষণে ক্যাডেটদের ড্রাম, সাইড ড্রাম, টেনর ড্রাম, তাম্বুরিন ও সিম্বলসহ বিভিন্ন আধুনিক ও ঐতিহ্যবাহী ব্যান্ড বাদ্যযন্ত্রের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিএনসিসির অভিজ্ঞ ব্যান্ড মাস্টার ও প্রশিক্ষকরা এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।

আয়োজকদের আশা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার আদর্শে দীক্ষিত বিএনসিসি ক্যাডেটরা এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত ও সাংগঠনিক দক্ষতা আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে বিভিন্ন জাতীয় ও প্রাতিষ্ঠানিক আয়োজনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top